ঢাকায় ‘তারীখে খাজায়ে খাজেগান’ গ্রন্থের মোড়ক উন্মোচন।
চীফ রিপোর্টার, মোঃ রেজাউল ইসলাম
খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ.)-এর জীবনদর্শন ও চিশতিয়া তরিকার ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ
দক্ষিণ এশিয়ার সুফি ঐতিহ্যের ইতিহাস, দর্শন ও আধ্যাত্মিক উত্তরাধিকারবিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘তারীখে খাজায়ে খাজেগান — খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ.): জীবনদর্শন ও চিশতিয়া তরিকার বিকাশ’-এর বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর, শুক্রবার, বিকাল ৫টায় রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট সুফি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষকদের উপস্থিতিতে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন বিশিষ্ট সুফি গবেষক, সুফি মেডিটেশন মেথডের উদ্ভাবক এবং সুফি সেন্টারের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আজমির শরীফের সম্মানিত খাদেম ও মুয়াল্লিম পিরজাদা সৈয়দ বশিরুদ্দিন চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সহযোগী অধ্যাপক মেহেদি হাসান, প্রখ্যাত মনোচিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।
দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক ইতিহাসে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ.) এক অনন্য সাধক-ব্যক্তিত্ব। তাঁর জীবন ও সাধনা নির্দিষ্ট ধর্মীয় পরিমণ্ডল অতিক্রম করে মানবপ্রেম, সহমর্মিতা ও সর্বজনীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রেম, নিঃস্বার্থ সেবা, আত্মশুদ্ধি ও মানবিক মর্যাদার প্রতি গভীর অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি সুফিসাধনার যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, তা ভারতীয় উপমহাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের প্রতি তাঁর অপরিসীম মমত্ববোধের স্বীকৃতিস্বরূপ তিনি ‘গরীব নেওয়াজ’ নামে সমধিক পরিচিত।
‘তারীখে খাজায়ে খাজেগান’ মূলত চিশতিয়া সুফি-ঐতিহ্যের ইতিহাস, দর্শন ও আধ্যাত্মিক উত্তরাধিকার অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ। এতে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ.)-এর জীবন, সাধনা, উদার চিন্তাধারা ও আধ্যাত্মিক আদর্শের পাশাপাশি চিশতিয়া তরিকার উৎপত্তি, ক্রমবিকাশ এবং ঐতিহাসিক প্রভাবের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের অন্যান্য প্রধান সুফি তরিকা, তাদের সিলসিলা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোচনায় গ্রন্থটি অর্জন করেছে বিস্তৃত পরিসর ও বিশেষ তাৎপর্য।
মূলত উর্দু ভাষায় রচিত এই গ্রন্থের বাংলা অনুবাদ বাংলাভাষী পাঠকদের সামনে দক্ষিণ এশিয়ার সুফি-ঐতিহ্যের একটি সমৃদ্ধ অধ্যয়নক্ষেত্র উন্মুক্ত করেছে। ইতিহাসের বিবরণ, সাধক-পরম্পরার পরিচয় এবং আধ্যাত্মিক চিন্তার বিশ্লেষণের মধ্য দিয়ে গ্রন্থটি পাঠককে অতীতের এক গুরুত্বপূর্ণ জ্ঞান ও সাধনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে। বিশেষ করে সুফিতত্ত্ব, চিশতিয়া তরিকার ইতিহাস এবং ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতা সম্পর্কে আগ্রহী পাঠক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি মূল্যবান গবেষণাসহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশের মধ্য দিয়ে চিশতিয়া সুফি-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও জ্ঞানতাত্ত্বিক সম্পদ বাংলাভাষী পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হলো।